খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৩ জুন) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আনোয়ার হোসেনের তেলের দোকান ও নাঈমের একটি খাবার হোটেল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে মাটিরাঙা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় সিন্ধুকছড়ি সেনা জোনের মেজর শাইয়েন কাদেরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরাও আগুন নেভাতে অংশ নেন।
মাটিরাঙা ফায়ার সার্ভিসের লিডার আবু বকর জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ভোর ৪টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের খাবার হোটেলে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।