বুধবার, ১৭ জুন ২০২৬

কক্সবাজারে দু’পক্ষের সংঘর্ষ, ২ জন নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩ জুন ২০২৬, ০২:৪৬

কক্সবাজারের শহরে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় (২৮) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও আসিফ (২৭) পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা।

এ ঘটনায় আহত আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের বরাতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুপক্ষের মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম নামে তিনজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও একজন মারা যান।

শেখ মোহাম্মদ আলী জানান, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। অপরজনের মরদেহ চট্টগ্রামে রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও