নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটিযা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান কফিলকে দল থেকে বহিস্কার করেছে কেন্দ্র।
সোমবার (১ জুন) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) এ সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান কফিলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনো কর্মকাণ্ডের দায়দায়িত্ব দল বহন করবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হলো।
এর আগে গত ৩১ মে দুপুরে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন মিজানুর রহমান কফিল (৩৭)। তিনি কোলাগাঁও ইউনিয়নের মৃত সোলায়মান মেম্বারের ছেলে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত কয়েকজন স্থানীয় ব্যক্তি কফিলকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। একপর্যায়ে সেখানে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই ভিডিওতে একটি সিএনজিচালিত অটোরিকশায় এক নারীকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
পূর্বতারা/ইউডি