বুধবার, ১৭ জুন ২০২৬

সন্দ্বীপে ভাঙনে সাবমেরিন ক্যাবল উন্মুক্ত

মো. রহিম উল্যা

প্রকাশ : ২ জুন ২০২৬, ০৩:৫৯

তীব্র স্রোত ও ভাঙনের কারণে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া প্রান্তে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও ৩৩ হাজার ভোল্টের দুটি সাবমেরিন ক্যাবল উন্মুক্ত হয়ে পড়েছে। এতে করে ক্যাবলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।

গত শনিবার এক যুবক ক্যাবলের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

জানা যায়, ২০১৮ সালে প্রায় ১৪৪ কোটি টাকা ব্যয়ে সাগরের ১৮ থেকে ৩০ ফুট গভীরে স্থাপন করা হয় দুটি সাবমেরিন ক্যাবল। প্রতিটি ক্যাবলে তিনটি পাওয়ার কোর ও একটি অপটিক্যাল ফাইবার রয়েছে। এসব ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও উচ্চগতির ইন্টারনেট সেবা সন্দ্বীপ উপজেলার বাউরিয়া সীমান্ত দিয়ে বিদ্যুৎ বিভাগের ল্যান্ডিং স্টেশনে পৌঁছায়। ক্যাবলগুলোর অবস্থান বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে, বিদ্যুৎ বিভাগের ল্যান্ডিং স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। ভাটার সময় ক্যাবলের প্রায় ৪০ ফুট অংশ দৃশ্যমান হয়।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দুটি ক্যাবলের মাধ্যমে সর্বোচ্চ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা রয়েছে। বর্তমানে একটি ক্যাবলের মাধ্যমে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ৫০ বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে বর্তমানে সন্দ্বীপের প্রায় ৫৩ হাজার গ্রাহক জাতীয় গ্রিডের বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ১৮ ইঞ্চি ব্যাসের ক্যাবল দুটি প্রায় ১৫ ফুট গভীর মাটির নিচ থেকে বের হয়ে সাগরের দিকে চলে গেছে।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম (উত্তর) অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল ইসলাম মৃধা বলেন, “সাবমেরিন ক্যাবল স্থাপনের সময় আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে ক্যাবল স্থাপনের এলাকায় ভাঙনের ঝুঁকি নেই। কিন্তু প্রাকৃতিক কারণে এখন ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি উন্মুক্ত ক্যাবলের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সন্দ্বীপ থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।”

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, “বিদ্যুৎ বিভাগের একটি চিঠির মাধ্যমে সাবমেরিন ক্যাবল উন্মুক্ত হওয়ার বিষয়টি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

পূর্বতারা/ইউডি

ভিডিও