চট্টগ্রামের ফটিকছড়িতে ফের সড়ক দুর্ঘটনায় আরও এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বরিউল হোসেন রবি (২৪) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। আরেক মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (২৪) আহত হন।
নিহত রবি লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের ৮নং ওয়ার্ডের বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার ছেলে। আহত সাজ্জাদ একই এলাকার মোনায়েমের ছেলে।
জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পথে নয়াবাজার এলাকায় তাদের মোটরসাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির বাসের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে রবি নিহত হয় এবং আহত সাজ্জাদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, সকালে পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শাহজাহান (৪৫) ও তার ছেলে মোহাম্মদ আরিফ (১৮) নিহত হন।