সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, ডাম্প ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে জারিয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
রোববার (৩১ মে) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জারিয়া বেগম (৪৫) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার বাসিন্দা ও জহুরুল আলমের স্ত্রী।
আহতরা বাস, মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রী।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস বাড়বকুণ্ড বাজার এলাকায় পৌঁছালে মহাসড়কে ওঠার সময় একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়।এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে থেমে যায়।এসময় একটি ডাম্প ট্রাক বাসটির পেছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ট্রাকটি পাশের একটি বেকারির ভেতরে ঢুকে পড়ে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ এবং কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠিয়েছেন। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কে এম হক বলেন, দুর্ঘটনাকবলিত বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মণ্ডল বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট দূর করতে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পূর্বতারা/ইউডি