বুধবার, ১৭ জুন ২০২৬

বিপিসি চট্টগ্রাম থেকে সরানো হবে না : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৯:৪৯

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় সরানো হবে না বলে নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নবনির্বাচিত চট্টগ্রাম চেম্বার নেতাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী এ নিশ্চয়তা দেন।

আজ শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীর মেহেদিবাগের বাসায় চেম্বারের সভাপতি আমিরুল হকের নেতৃত্বে চেম্বার নেতারা এ অনানুষ্ঠানিক বৈঠক করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর সঙ্গে নতুন চেম্বার নেতৃত্বের এটি ছিল প্রথম বৈঠক।

বৈঠকের আলোচনার বিষয়ে চট্টগ্রাম চেম্বারের ৪৬তম সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, ‘বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। একপর্যায়ে আলোচনাটি গুরুত্বপূর্ণ বিষয়ে রূপ নেয় এবং চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো উঠে আসে। বিপিসির সদর দপ্তর চট্টগ্রাম থেকে ঢাকায় সরানোর সরকারি উদ্যোগের বিষয়টি তিনি তুলে ধরলে মন্ত্রী তাৎক্ষণিকভাবে জানান, এটি চট্টগ্রামেই থাকবে, ঢাকায় যাবে না।’

বৈঠকে চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি মশিউল আলম স্বপন, প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানভীর আহমদ, গাড়ি ব্যবসায়ী সংগঠন বারভিডার সাবেক সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান,, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও ইউনাইটেড বিজনেস ফোরামের আহ্বায়ক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম এবং চট্টগ্রাম চেম্বারের নতুন ২২ জন পরিচালক উপস্থিত ছিলেন। তবে নতুন সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন না।

পূর্বতারা/ইউডি

ভিডিও