বুধবার, ১৭ জুন ২০২৬

নৌকাডুবি : কর্ণফুলীতে নারী নিখোঁজ, উদ্ধার ৫

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১১:১০

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে কালবৈশাখীর কবলে পড়ে যাত্রীসমেত একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কণিকা দাস (২০) নামের এক নারী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ কণিকা দাস কোদালা ইউনিয়নের জেলে পাড়ার রুবেল দাসের স্ত্রী।

তিনি চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের মৃনালপাড়া এলাকার দুলাল দাসের মেয়ে।

উদ্ধারকৃতরা হলেন- পলি দাস (২৫), রুপন ঘোষ (৩০), রাজ ঘোষ (২), অনিল ঘোষ (৬) ও রুবেল দাস (২৯)।

জানা গেছে, রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের জেলে পাড়ার বাড়ি থেকে বের হয়ে নবদম্পতি কনিকা ও রুবেল পরিবারের স্বজনদের সাথে নৌকায় করে কর্ণফুলী পাড়ি দিচ্ছিলেন। তারা চন্দ্রঘোনা কদমতলী মৃণালপাড়ায যাচ্ছিলেন। এমন সময় কালবৈশাখীর কবলে পড়ে তাদের নৌকাটি কর্ণফুলী নদীতে উল্টে যায়। স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে পাঠান। তবে কনিকা দাসকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি নদীতে নিখোঁজ রয়েছেন।

রাঙ্গুনিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বিশেষ ডুবুরি দল এসে তল্লাশি চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন ৫ জনের মধ্যে শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পূর্বতারা/ইউডি

ভিডিও