চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশসহ শতাধিক গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে এসব এলাকায় একদিন আগেই ঈদ পালন করা হচ্ছে।
উপজেলা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টায় আনোয়ারার তৈলারদ্বীপ ও বরুমচড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা কোরবানি কার্যক্রম সম্পন্ন করবেন।
এছাড়া সাতকানিয়ার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফের অনুসারীরাও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। প্রায় দুই শতাব্দী ধরে চলে আসা এই রীতি অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৯টায় দরবার শরীফের মূল খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
দরবার সূত্রে জানা গেছে, ঈদের জামাতে ইমামতি করবেন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
দরবারের দায়িত্বশীল মোহাম্মদ মছউদুর রহমান বলেন, হানাফি মাযহাবের অনুসরণে আমরা প্রায় ২০০ বছর ধরে হজের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। চাঁদের অবস্থান ও হজের তথ্য নিশ্চিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয়দের মতে, ধর্মীয় বিশ্বাস ও দীর্ঘদিনের ঐতিহ্যকে কেন্দ্র করে এসব এলাকায় ঈদ উদযাপন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এক ধরনের আধ্যাত্মিক ঐক্য ও ঐতিহ্যের প্রতিফলন।