স্টিয়ারিং বিকল হয়ে কর্ণফুলী নদীর মোহনায় আটকে থাকা কনটেইনারবাহী বিদেশি জাহাজটি জেটিতে পৌছেছে। সোমবার রাতের জোয়ারে সেটিকে বহির্নোঙরের বি অ্যাংকরেজে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ নামের দুটি টাগবোট মোতায়েন করা হয়েছিল। সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। বর্তমানে জাহাজটি নিরাপদে জেটিতে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দরের চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রয়েছে। জাহাজ চলাচল স্বাভাবিক আছে এবং অন্য কোনো জাহাজের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি।
মাল্টার পতাকাবাহী ‘সিএনসি ইউরেনাস’ জাহাজটিতে ১ হাজার ২৮২ একক আমদানি পণ্যভর্তি কনটেইনার ছিল। জাহাজটি আসছিল চীনের শেনজেন বন্দর থেকে।
গতকাল সোমবার দুপুরের দিকে জাহাজটি বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) নোঙরের উদ্দেশ্যে আসছিল। দুপুর ২টার দিকে কর্ণফুলীর মোহনায় কিছুদূর গিয়েই জাহাজটির স্টিয়ারিং বিকল হয়। এতে জাহাজটি প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি ভেসে গিয়ে নেভাল একাডেমির পশ্চিমপাশের সাগরে আটকা পড়ে।
পূর্বতারা/ইউডি