ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে নগরী পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। কোরবানির দিন দুপুর ২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে নগরের সব বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৫ মে) এক সভায় এসব তথ্য জানান মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, কোরবানির দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। আমাদের লক্ষ্য, ছয় ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য পরিষ্কার করা।
তিনি জানান, নগরের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করবেন তিনি নিজেও। বিমান অফিস সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। সভায় মেয়র ওয়ার্ডভিত্তিক নির্ধারিত স্থানে পশু জবাই এবং চসিকের সরবরাহ করা পলিথিন ব্যাগে বর্জ্য সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেন।
এদিকে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে নগরীতে বাড়তি বর্জ্য সৃষ্টি হয়। বিশেষ করে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ না করলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ে। এ কারণে এবারও জরুরি সেবা সচল রাখতে ৩ হাজার ১০০ পরিচ্ছন্নতাকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করবেন। এছাড়া বর্জ্য দ্রুত অপসারণে অতিরিক্ত ১৪০টি ট্রাক ভাড়া করা হয়েছে। যদিও নগরীর দৈনন্দিন বর্জ্য পরিবহনে ১৬০টির বেশি গাড়ি রয়েছে, তবে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা সচল রাখতে অতিরিক্ত এসব গাড়ি ভাড়া করা হয়েছে।