পবিত্র ঈদুল আজহার টানা সরকারি ছুটির মধ্যেও চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানি-রপ্তানি সচল রাখতে বন্দরে পণ্য খালাস, কন্টেইনার ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকিতে তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি শুল্কায়ন কার্যক্রম চালু রাখতে ১০টি বিশেষ টিম গঠন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ বলেন, ঈদের সময় দুটি টাস্কফোর্স পণ্য খালাস ও জেটি-ইয়ার্ড ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে আরও একটি পৃথক টাস্কফোর্স কাজ করবে।
অন্যদিকে, ঈদের ছুটিতে চট্টগ্রাম কাস্টম হাউসও শুল্কায়ন ও এক্সামিনেশন কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় জনবল নিয়োজিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন বলেন, শুল্কায়ন ও এক্সামিনেশন কার্যক্রম স্বাভাবিক রাখতে পর্যাপ্ত জনবল দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহার সাত দিনের সরকারি ছুটি।
পূর্বতারা/ইউডি