চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে ইউপি সদস্যদের (মেম্বার) বাদ দিয়ে দলীয়ভাবে ভিজিএফ চাল বিতরণের অভিযোগ উঠেছে। এতে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ ইউপি সদস্য।
জানা গেছে, গত বৃহস্পতিবার বারখাইন ইউনিয়ন পরিষদে বিএনপি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ভিজিএফ চাল বিতরণ করা হয়। ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে বরাদ্দকৃত এই চাল বিতরণে স্থানীয় ইউপি সদস্যদের সম্পৃক্ত না করে দলীয়ভাবে কার্যক্রম পরিচালনা করা হয়। এ ইউনিয়নে মোট ১ হাজার ৯৬০টি পরিবারের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের স্বাগতিক ইউনিয়ন হওয়ায় সেখানে ইউপি সদস্যদের বাদ দিয়ে বিএনপি নেতাদের মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রমে বিএনপি নেতা শফিউল আলম চৌধুরী জকুর সম্পৃক্ততার কথা জানা গেছে।
এ বিষয়ে ১১ ইউপি সদস্য অভিযোগ করে বলেন, প্রতিবছর মেম্বার ও দলীয় সমন্বয়ের মাধ্যমে ভিজিএফ সহায়তা বিতরণ করা হলেও এবার তাদের সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এতে নিজ নিজ ওয়ার্ডের প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল জানান, ইউনিয়নে ইউপি সদস্য ছাড়া দলীয়ভাবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বিগত সময় মেম্বার ও দলীয়ভাবে সমঝোতার মধ্যে বিতরণ হলেও এবার এমপির নির্দেশে এককভাবে এসব চাল বিতরণ কার্যক্রম করেছে। তবে কোনো বিশৃঙ্খলা হয়নি।
একাধিক বিএনপি নেতা জানান, বারখাইন ইউনিয়নের মহিলা ও পুরুষ মেম্বাররা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তাই তাদের বাদ দেওয়া হয়েছে।
অথচ এসব ইউপি সদস্যদের নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেন এমপি সরওয়ার জামাল নিজাম। যা নিয়ে সমালোচনা করছেন অনেকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।