বুধবার, ১৭ জুন ২০২৬

হাটহাজারীর চাঞ্চল্যকর শিশু আফরিন হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:৩৭

চট্টগ্রামের হাটহাজারীতে আলোচিত শিশু আফরিন আক্তার (১১) হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মে ) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথ জানান, ফয়সালকে গতকাল নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে প্রাপ্ত অন্য আসামিকে গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানায়, গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজার এলাকার পূর্বপাশে অবস্থিত একটি তুলার গুদামে ভুক্তভোগী আফরিন আক্তারকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী চিৎকার করার চেষ্টা করলে ফয়সাল ও তার সহযোগী মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে। এ সময় ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে তার মুখমণ্ডল বিকৃত করা হয় এবং মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার তাকে খুঁজতে শুরু করলে আসামি নিজেও খোঁজাখুঁজির ভান করে আত্মগোপনে চলে যায়। প্রথমে সে খাগড়াছড়ির মানিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় দেড় মাস অবস্থান করে। পরে কুমিল্লায় পালিয়ে যায়। সর্বশেষ নরসিংদীতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

হাটহাজারী থানা পুলিশ জানায়, আসামিকে গ্রেফতারের জন্য মানিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করা হয়। টানা ৭২ ঘণ্টার অভিযানের পর অবশেষে নরসিংদী থেকে তাকে আটক করা হয়।

ভিডিও