বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে ধর্ষণচেষ্টার ঘটনায় বিক্ষোভে দুই সাংবাদিক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:২৮

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় বিক্ষোভের লাইভ দেওয়ার সময় পুলিশের ছোড়া গুলিতে দুই সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন, চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ান শর্মা জানান, লাইভ সম্প্রচারের সময় গুলিবিদ্ধ হয়ে একজনের কোমরে এবং অন্যজনের হাতে ও পায়ে আঘাত লাগে। আহতদের প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মচারী চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি আটকে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে বলে জানা যায়। এ সময় দুই সাংবাদিক গুলিবিদ্ধ হন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

ভিডিও