বুধবার, ১৭ জুন ২০২৬

প্রশাসনিক ‘অসহযোগিতার’ অভিযোগে চবির হলে তালা, খুললো ৩ ঘন্টা পর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৫:৩৩

প্রশাসনিক ‘অসহযোগিতার’ অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হল প্রভোস্টের কক্ষ ও অফিসে তালা দেন হল সংসদের প্রতিনিধিরা। প্রায় তিন ঘণ্টা পর দুপুর আড়াইটায় প্রভোস্টের সঙ্গে বৈঠকের আশ্বাস পাওয়ার পর তারা তালা খুলে দেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১টার দিকে আলাওল হল সংসদের জিএস মো. নুরনবী হাসানসহ সংসদের প্রতিনিধিরা এ কর্মসূচি পালন করেন।

হল সংসদের নেতাদের দাবি, ডাইনিংসহ বিভিন্ন প্রশাসনিক ও আবাসিক সমস্যা সমাধানে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি প্রভোস্টের অনুমতি ছাড়া কোনো ক্লাব কার্যক্রমও পরিচালনা করা যাচ্ছে না। তাদের অভিযোগ, প্রভোস্ট রাতে হলে অবস্থান করলেও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় দেন না। এতে করে ছোটখাটো সমস্যাগুলোও দীর্ঘসূত্রতায় পড়ছে।

আলাওল হল সংসদের জিএস মো. নুরনবী হাসান বলেন, নতুন প্রাধ্যক্ষ দায়িত্ব নেয়ার পর তাকে স্বাগত জানানো হলেও হল সংসদের সঙ্গে নিয়মিত আলোচনা না করার অভিযোগ রয়েছে। হলের বিভিন্ন ছোট-বড় সমস্যা নিয়ে একাধিকবার বসার অনুরোধ জানানো হলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো খুব বড় কিছু নয়। হলের দৈনন্দিন সমস্যাগুলোর সমাধানের জন্যই আমরা বারবার আলোচনা চেয়েছি। কিন্তু সাড়া না পেয়ে প্রতিবাদ হিসেবে প্রভোস্ট কক্ষ ও হল অফিসে তালা দেয়া হয়। পরে বৈঠকের আশ্বাস পাওয়ায় আমরা তা খুলে দেই।

এ বিষয়ে আলাওল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামালুল আকবর চৌধুরী বলেন, ৬ মে দায়িত্ব নেয়ার পর থেকেই হল সংসদ ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।’ পূর্ববর্তী প্রশাসনের কিছু ব্যবস্থাপনাগত সমস্যা সমাধানের উদ্যোগও নেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে বৈঠক করেছি এবং প্রয়োজনে আবারও বসব।’

ভিডিও