বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে এনসিপির ছয় নেতার বিরুদ্ধে সহকর্মীর মামলা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৪:৪১

চট্টগ্রামে এনসিপির মহানগর শাখার সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনসহ ছয় নেতার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। মামলার বাদী হুজ্জাতুল ইসলাম সাঈদ। যিনি এনসিসির সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার চট্টগ্রাম আদালতে সাইবার ট্রাইব্যুনাল আইনে এই মামলা করা হয়। মামলাটি আদালত গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার প্রধান আসামি আরিফ মইনউদ্দিন। যিনি সম্প্রতি এনসিপির ঘোষিত চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যসচিব। মামলায় এনসিপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাত উল্লাহ আবির, জাতীয় ছাত্র শক্তির সংগঠক সাদিক আরমান, সাবেক যুগ্ম সদস্যসচিব সজীব ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হোসেনসহ ৮ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আবেদনে হুজ্জাতুল ইসলাম সাঈদ নিজেকে একজন জুলাই নেতা হিসেবেও উল্লেখ করেছেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেছেন। অভিযুক্তের পোস্ট জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি বাদীর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করেছে।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে হুজ্জাতুল ইসলাম সাঈদ জানান, ‘সামাজিক মাধ্যমে করা পোস্টটির স্ক্রিনশট, লিংক ও ডিজিটাল ট্রেইল আদালতে জমা দেওয়া হয়েছে। আশাকরি আমি ন্যায়বিচার পাব। আমাকে ব্যক্তিগতভাবে হেয় করার জন্যই এই পোস্টগুলো করা হয়েছে। বিষয়টি তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটন হবে বলে আশা করি।’

এই বিষয়ে আরিফ মইনউদ্দিনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পূর্বতারা/ইউডি

ভিডিও