বুধবার, ১৭ জুন ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০১:৪৮

খাগড়াছড়ির রামগড়ে পৃথক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ঢাকাগামী দুটি বাসের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। অপরদিকে সড়কের পাশ থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি দুর্ঘটনায় জড়িত বাসের চালক বলে ধারণা করছে পুলিশ।
রোববার মধ্যরাতে উপজেলার নাকাপার চাষীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস সড়কে থেমে চাকা মেরামত করছিল। এ সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহ আলম (৩৬) নিহত হন।

নিহত শাহ আলম খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত হন জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯)। তাদের উদ্ধার করে রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজার এলাকার একটি যাত্রী ছাউনির সামনে থেকে রব শেখ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী ছাউনির সামনে পড়ে থাকা ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্সের তথ্য অনুযায়ী তার নাম রব শেখ, বাড়ি পাবনা জেলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহনের চালক ছিলেন। দুর্ঘটনার পর পালানোর সময় স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-১১৭৮) ও শান্তি পরিবহন (ঢাকা মেট্রো-হ ১৪-২৪২৩) বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত চালক ও হেলপারদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বতারা/ইউডি/এইচএম

ভিডিও