বুধবার, ১৭ জুন ২০২৬

কোরবানের মৌসুমে বাজারে ঢুকছে জালনোট

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০২:২৩

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুরু হয়েছে পশু কেনার ধুম। নগরীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। কোরবানের এই মৌসুমকে টার্গেট করে অসাধু জালনোট কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। কারবারিরা তাদের সিন্ডিকেটের মাধ্যমে বাজারে জালনোট ছাড়ছে বলে খবর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এমন অবস্থায় জালনোট জব্দে র‌্যাব,পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা প্রশাসন তৎপর অভিযান পরিচালনা করছে।

এ ব্যাপারে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, জালনোট কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালনোট জব্দ ও ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার করা হচ্ছে। র‌্যাবের অভিযানে গ্রেফতারকৃতদের ব্যাপারে গণমাধ্যমকে অবগত করা হচ্ছে।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে সংস্থাটি। শনিবার (১৬ মে) দুপুরে নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা — শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার মো. শামসুল হকের ছেলে মো. আছান উল্লাহ ওরফে হাসান (৩৫), ফেনী জেলার সালধর এলাকার নাছির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) এবং ফেনীর পরশুরাম থানার রেজাউল হকের ছেলে হাসানুর রাহি (১৯)।

গ্রেফতার হাসানের বহন করা শপিং ব্যাগে তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

অপরদিকে, একইদিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পূর্বতারা/ইউডি

ভিডিও