চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ সাতকানিয়া রাস্তার মাথা থেকে লোহাগাড়ার জাঙ্গালিয়া পর্যন্ত অংশে শুরু হয়েছে চার লাইনে প্রশস্থকরণের কাজ। মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৯০০ মিটার মহাসড়ক অংশ চার লাইনে প্রশস্থকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সাতকানিয়া ও লোহাগাড়া অংশ প্রশস্তকরণের কাজ ৩ টি প্যাকেজে চলমান রয়েছে। তার মধ্যে প্রথম প্যাকেজ সাতকানিয়া রাস্তার মাথা থেকে শুরু হয়ে লোহাগাড়ার রাজঘাটা এলাকা পর্যন্ত ৮.৪ কিলোমিটার। যার ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ.এইচ কন্সট্রাকশন এবং প্রকল্প ব্যয় ৩৫ কোটি টাকা।
দ্বিতীয় প্যাকেজ লোহাগাড়ার রাজঘাটা এলাকা থেকে চুনতি মিঠার দোকান এলাকা পর্যন্ত। ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৩৪ কোটি টাকা বরাদ্দে এই প্যাকেজের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ কন্সট্রাকশন।
তৃতীয় প্যাকেজ লোহাগাড়া চুনতি মিঠার দোকান থেকে চুনতি জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত। ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৩০ কোটি টাকা বরাদ্দে এই প্যাকেজের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ.এইচ কন্সট্রাকশন। যেই প্যাকেজের আওতায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় প্রায় ১ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লাইনে উন্নীত করা হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক রয়েছে ২১ ফুট। এটিকে ৩৪ ফুটে প্রশস্থকরণের জন্য সাতকানিয়া রাস্তার মাথা থেকে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত উভয় পাশে কোথাও ৬ ফুট কোথাও ৭ ফুট করে বর্ধিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁকে ১০-১২ ফুট বর্ধিত করা হবে।
এছাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় ৯০০ মিটার (প্রায় ১ কিলোমিটার) মাঝখানে ডিভাইডারসহ ৪ লাইনে উন্নীত করা হবে। এছাড়া চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক ৪ লাইনে প্রশস্থকরণ কাজ খুব দ্রুত শুরু হতে পারে।
কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ, ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ.এইচ কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মো.নুর ইসলাম ও স্থানীয় স্থানীয়রা।
পূর্বতারা/ইউডি/ ইউসুপ