বুধবার, ১৭ জুন ২০২৬

ভাড়া কমানোয় সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে স্পিডবোট চলাচল বন্ধ

সন্দ্বীপ প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৩:৪৩

মন্ত্রণালয় ভাড়া কমানোর পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা-গুপ্তছড়া (সন্দ্বীপ) নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে ইজারাদার। মঙ্গলবার সকাল থেকে এ রুটে কোন স্পিড বোট চলাচল বন্ধ। এতে করে দুর্ভোগে পড়েছেন রুটের হাজারো যাত্রী।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক নয়ন শীল বলেন, “মন্ত্রণালয় নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। বর্তমানে সন্দ্বীপ-সীতাকুণ্ড রুটে সি-ট্রাক ও জাহাজ চলাচল করছে। আশা করছি যাত্রীদের যাতায়াতে বড় ধরনের সমস্যা হবে না।”

সূত্র জানায়, গত ২০ এপ্রিল সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইজারাদার, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন যাত্রীদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাময়িকভাবে জনপ্রতি ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। মন্ত্রণালয় কর্তৃক নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখার কথা ছিল।

এমন পরিস্থিতিতে পরিবহন মন্ত্রণালয় গত ১১ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রুটে স্পিডবোটের ভাড়া জনপ্রতি ২৬০ টাকা নির্ধারণ করে। এর আগে মন্ত্রণালয় নির্ধারিত ভাড়া ছিল ২৫০ টাকা।

এদিকে, একই রুটে ট্রলার ভাড়াও ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

যাত্রী নুরুল হুদা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তেলের দাম কতটুকু বেড়েছে যে ১৮ কিলোমিটার পথের ভাড়া যাত্রীপ্রতি ৫০ টাকা বাড়াতে হবে? এটি সম্পূর্ণ খামখেয়ালিপনা।”

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবুল হাসান বলেন, “কোনো পূর্ব ঘোষণা ছাড়া স্পিডবোট বন্ধ করে দেওয়া যাত্রী হয়রানির শামিল। এতে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে।”

কুমিরা-গুপ্তছড়া রুটে বিআইডব্লিউটিএর যাত্রী পারাপারের ইজারাদার জগলুল হোসেন নয়ন বলেন, “দেশের অন্যান্য নৌরুটের সঙ্গে সামঞ্জস্য রেখে এ রুটের ভাড়া নির্ধারণ করা হয়নি। বর্তমানে আমরা লোকসানের মুখে পড়ছি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’’

পূর্বতারা/ ইউডি /মো. রহিম উল্যা

ভিডিও