চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য খাইয়ে অটোরিকশাচালক আইয়ুব আলীকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ধারাবাহিকভাবে কাজ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. জামাল ওরফে গালকাটা জামাল (৫২) এবং মো. আব্দুল জব্বার (৩১)।
পুলিশ জানায়, নিহত আইয়ুব আলী একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে বেলা ১১টার দিকে আনোয়ারা থানার শোলকাটা রাস্তার মোড় এলাকায় পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের অটোরিকশার মালিক আলী আহাম্মদ বাদী হয়ে গত ৬ মে আনোয়ার থানায় হত্যা, চেতনানাশক দ্রব্য প্রয়োগ ও চুরির অভিযোগে মামলা করেন।