বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে পবিত্র বুদ্ধ পূর্ণিমা পালিত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ মে ২০২৬, ০৪:১৭

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।

শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির, কাতালগঞ্জ বৌদ্ধ বিহার, চান্দগাঁও বৌদ্ধ বিহার এবং পটিয়ার কর্তালা বেলখাইন সদ্ধর্মালংকার বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে।

“পরে নন্দনকাননের বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি-মহিলার উদ্যোগে নন্দনকানন বৌদ্ধ মন্দিরে শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, “গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা আজও বিশ্বকে শান্তির পথ দেখায়। বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।”

তিনি বলেন, “যুদ্ধ নয় শান্তি চাই—এই আহ্বানকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে হবে না। ব্যক্তি ও সমাজজীবনে সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটন কুমার বড়ুয়া। এসময় আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান অমরেশ বড়ুয়া, অসীম বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, সুমন বড়ুয়া, কেমি বড়ুয়া, নেভী বড়ুয়া, রুপ্তা বড়ুয়া, বাপ্পিসহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

শান্তি শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

ভিডিও