বুধবার, ১৭ জুন ২০২৬

সিডিএ চেয়ারম্যানকে তুলোধুনো করলেন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৯

দুই দিনের বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর হিজড়া খাল ও জামালখান খাল সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। কোমর সমান পানিতে ডুবে চরম দুর্ভোগ সইতে হয়েছে লক্ষাধিক মানুষকে। এ জলাবদ্ধতার কথা জাতীয় সংসদে আলোচনা হয়েছে। সংসদে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখপ্রকাশ করেছেন। শেষমেশ তিনি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চট্টগ্রাম পাঠিয়েছেন।

কিন্তু এতসবের মধ্যে রাস্তায় দেখা যায়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সিডিএ) প্রকৌশলী নুরুল করিমকে। দেননি কোনো বক্তব্য বা বিবৃতি। অথচ বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দায়িত্ব এই সংস্থাটির হাতে। সিডিএ চেয়ারম্যানের এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণে সবাই হতবাক।

দুইদিন পর আজ বৃহস্পতিবার সকালে প্রতিমন্ত্রীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে যাওয়ার জন্য সিডিএ চেয়ারম্যান চসিক কার্যালয়ে উপস্থিত হন। এসময় সেখানে এক অনানুষ্ঠানিক বৈঠকে তাকে একেবারে তুলোধুনো করে ছাড়েন প্রতিমন্ত্রী। চেয়ারম্যানকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘আপনি সরকারের বিরুদ্ধের লোক’।

এ কথার জবাবে সিডিএ চেয়ারম্যান নুরুল করিম প্রতিমন্ত্রীকে বলেন, ‘শাহাদাত ভাই (মেয়র) আমাকে চেনে স্যার।’

প্রতিমন্ত্রী প্রতি-উত্তরে বললেন, ‘শাহাদাত ভাই চিনলে কী হবে! চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ৩৬টি খালে সংস্কার করছে। সমস্যাটা হয়েছে আপনাদের নিয়ে। মিডিয়ায় আপনার কোনো বক্তব্য নাই। সাধারণ মানুষ রাগ-ক্ষোভ ঝাড়ছে মেয়র শাহাদাতের ওপর।’

ভিডিও