বুধবার, ১৭ জুন ২০২৬

হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৯

চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ নমুনা ডিম ছাড়তে শুরু করেছে। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পাওয়ার কথা জানিয়েছেন সংগ্রহকারীরা। এতে আসন্ন জোয়ারে পূর্ণ মাত্রায় ডিম ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, ‘বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। বজ্রসহ বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজানের পানির প্রবাহ বৃদ্ধির কারণে ডিম ছাড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে।’

তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন স্থানে নমুনা ডিম পাওয়া গেছে এবং দুপুরের জোয়ার অথবা রাতের জোয়ারে মা মাছ পূর্ণ মাত্রায় ডিম ছাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

নদীর তীরবর্তী এলাকায় শত শত ডিম সংগ্রহকারী জাল, বালতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছেন। কেউ নদীর পাড়ে, আবার কেউ নৌকায় অবস্থান করে ডিম সংগ্রহের অপেক্ষায় আছেন। নমুনা ডিম পাওয়ার খবর ছড়িয়ে পড়ায় অনেকেই ইতোমধ্যে নদীতে নেমে পড়েছেন।

মদুনাঘাট, শাহ মাদারি ও মাছুয়াঘোনা হ্যাচারিসহ বিভিন্ন স্থানে ডিম সংরক্ষণের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিম থেকে রেণু উৎপাদনের সব কার্যক্রম আগেভাগেই প্রস্তুত রাখা হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত মৌসুমে হালদা নদী থেকে ১৪ হাজার ৬৬৪ কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল। তবে সংরক্ষণের সীমাবদ্ধতার কারণে সব ডিম রাখা সম্ভব হয়নি। এ বছর বেশি ডিম সংরক্ষণের লক্ষ্যে নতুন কুয়া নির্মাণের কাজ চলমান রয়েছে।

ভিডিও