প্রবল বর্ষণে নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানের সীমানা প্রাচীর ধসে পড়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালের কোন এক সময়ে দেয়ালটি ধসে পড়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রাচীরটি ধসে পড়াতে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়িত টেরাকোটা,পোড়ামাটির শিল্পকর্মগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
লালদিঘী ময়দানের কর্তৃপক্ষ গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদুল জামান বলেন, মাঠের পূর্বপাশে নগর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের পাহাড়। বৃষ্টির পানি পাহাড় বেয়ে সীমানা দেয়ালে পড়েছে। একদিকে উপরের অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। অন্যদিকে, মাঠের পাশ ঘেঁষে নির্মিত দেয়ালটির শক্ত ভিত্তি না থাকায় ধসে পড়েছে বলে ধারণা করছেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও সিটি কর্পোরেশনকে বিষয়টি জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত নিয়ে সংস্কার কাজ শুরু হবে।
২০২২ সালে ৪ কোটি টাকা ব্যয়ে লালদিঘী ময়দানে নান্দনিক দেয়াল, ম্যুরাল ও স্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
পূর্বতারা/ইউডি