বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী

কালবৈশাখী ঝড়ে হেলে পড়েছে আধপাকা ধান, বিপাকে কৃষক

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে চট্টগ্রামের হাটহাজারীর বিস্তীর্ণ এলাকার ফসলি জমিতে নেমে এসেছে বিপর্যয়। আধপাকা ধান বোরো ধান ও কেটে রাখা ফসল পানিতে ডুবে গিয়ে কৃষকদের স্বপ্ন ভেসে গেছে।

মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া দমকা হাওয়া ও টানা বৃষ্টির প্রভাবে উপজেলার চারিয়া, গুমানমর্দন, ছিপাতলী, মেখল, ফতেহপুর ও চিকনদন্ডী ইউনিয়নের নিচু জমিগুলো দ্রুত পানিতে তলিয়ে যায়। বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক স্থানে জমিতে শুয়ে পড়েছে ধান, আবার কোথাও কাটা ফসল পানির নিচে নষ্ট হয়ে যাচ্ছে।

কৃষকরা জানান, মৌসুমের একেবারে শেষ সময়ে এসে এমন দুর্যোগ তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ধারদেনা করে চাষাবাদ করলেও ফসল ঘরে তুলতে না পারায় চরম দুশ্চিন্তায় রয়েছেন।

স্থানীয় কৃষক বাদশা মিয়া বলেন, ‘ধান কাটার সব প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ ঝড়-বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। এখন কীভাবে ঋণ শোধ করব বুঝতে পারছি না।’

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। অন্যথায় অনেক কৃষক মারাত্মক আর্থিক সংকটে পড়বেন। তারা জরুরি ভিত্তিতে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে গ্রীষ্মকালীন সবজি প্রায় ৪২ হেক্টর এবং বোরো ধান প্রায় ৫০ হেক্টর জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, যা প্রায়ই কৃষিখাতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

ভিডিও