প্রবাসীদের কষ্ট লাঘবে চট্টগ্রামে অনলাইন গণশুনানি চালু করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রবাসীদের নানা ভোগান্তি,দুর্ভোগের দ্রুত সমাধানে এ ব্যবস্থা চালু করা হয়েছে। প্রবাসীদের অংশগ্রহণে প্রতি বুধবার এক ঘণ্টা করে নিয়মিত অনুষ্ঠিত হবে এই অনলাইন গণশুনানি।
বুধবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনলাইন গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।
এতে বিদেশে অবস্থানরত ১১ জন প্রবাসী সরাসরি অংশ নেন। শুনানিতে তারা জেলা প্রশাসকের কাছে জমিজমা বিরোধ, অর্থ আত্মসাৎ, পারিবারিক জটিলতা, চাঁদাবাজি ও মিথ্যা মামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যেসব বিষয়ে তদন্ত প্রয়োজন, সেগুলোতে পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।
জাহিদুল ইসলাম বলেন, প্রযুক্তির কল্যাণে প্রবাসীরা দূরে থেকেও আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারছেন। বিশ্বের প্রায় ১৬৫টি দেশে বসবাসরত দেড় কোটি প্রবাসী বাংলাদেশি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছেন।
গণশুনানিতে উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো: রাসেল উপস্থিত ছিলেন।
পূর্বতারা/ইউডি