বুধবার, ১৭ জুন ২০২৬

বাঁশবাড়িয়া-কুমিরা রুট বন্ধ

বৈরী আবহাওয়ায় সন্দ্বীপে নৌ যোগাযোগ বন্ধ, ঘাটে আটকা শতাধিক যাত্রী

সন্দ্বীপ প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫

বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের নৌ যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় আজ বুধবার সকাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

সকাল থেকেই সন্দ্বীপসহ আশপাশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এর সরাসরি প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ বাঁশবাড়িয়া–গুপ্তছড়া ও কুমিরা–গুপ্তছড়া নৌরুটে। এসব রুটে কোনো ফেরি, জাহাজ, স্পিডবোটসহ যাত্রীবাহী নৌযান চলাচল করেনি।

ফলে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে শতাধিক যানবাহন ও অসংখ্য যাত্রী আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নির্ধারিত ফ্লাইট থাকায় প্রবাসগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। একই সঙ্গে জরুরি রোগী পারাপার নিয়েও তৈরি হয়েছে সংকট।

গুপ্তছড়া ফেরিঘাটে অপেক্ষমাণ সৌদিগামী যাত্রী মিনহাজ বলেন, ‘সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রামে পৌঁছাতে না পারলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে।’

এদিকে এক প্রসূতি রোগী নিয়ে চট্টগ্রামে যাওয়ার জন্য অপেক্ষমাণ সাইফুল নামের এক স্বজন বলেন, ‘ডেলিভারি রোগী নিয়ে জরুরিভাবে চট্টগ্রাম যেতে হবে, কিন্তু কোনো নৌযান ছাড়ছে না।’

সালাহউদ্দিন নামের এক যাত্রী বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার জর্জ কোর্টে আমার মামলার হাজিরা আছে। সময়মতো যেতে না পারলে ওয়ারেন্ট হয়ে যেতে পারে।’

একই চিত্র দেখা গেছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও কুমিরা ফেরিঘাটেও। সেখানে বিদেশফেরত প্রবাসীসহ কয়েকশ যাত্রী দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো নৌযান না পেয়ে চট্টগ্রাম শহরে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ও পিকআপের দীর্ঘ সারি দেখা গেছে। নির্ধারিত সময়ে সন্দ্বীপে পৌঁছাতে না পারলে এসব পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কুমিরা ফেরিঘাটের ইজারাদার জগলুল হোসেন নয়ন বলেন, ‘সাগর উত্তাল থাকায় কর্তৃপক্ষের নির্দেশনায় সন্দ্বীপ–সীতাকুণ্ড নৌরুটে স্পিডবোট, জাহাজ ও ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় চলাচল শুরু হবে।’

ভিডিও