বুধবার, ১৭ জুন ২০২৬

রাউজানে গুলি করে যুবক খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

চট্টগ্রামের রাউজানে ‘পূর্ব বিরোধের জেরে’ গুলিতে যুবক খুনের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পূর্ব রাউজান এলাকা থেকে শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই জন হলেন- মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)।

রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহত যুবকের বাবা ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে শফি ও সুমনকে গ্রেপ্তার করে।’ যারা মামলার ৩ ও ৫ নম্বর আসামি বলে জানিয়েছেন ওসি।

ওসি সাজেদুল বলেন, ‘নিহত যুবকের বাবা মামলায় বলেছেন, পূর্ব বিরোধের জেরে আসামিরা তাকে খুন করে।’ হত্যাকাণ্ডের ঘটনায় অন্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের অভিযান চলছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার ভোর রাতে উপজেলার জঙ্গল রাউজান বিএমও ব্রিক ফিল্ড এলাকায় কাউছার জামান বাবলু নামে এক যু্বককে পিঠে গুলি করে খুন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, নিহত বাবলু আইনশৃঙ্খলা বাহিনীর ‘সোর্স হিসেবে কাজ করতেন’। এসব নিয়ে তার সঙ্গে বিভিন্ন জনের বিরোধের সৃষ্টি হয়েছিল। সে জেরে বাবলুকে খুন করা হতে পারে।

ভিডিও