বুধবার, ১৭ জুন ২০২৬

হাসনাতের সফর ঘিরে বিতর্ক: এবার মুখ খুললেন মনজুর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৩

চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সৌজন্য সফর। সেই সফর ঘিরে তৈরি হওয়া জল্পনা-কল্পনার পর অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক মেয়র মনজুর আলম।

মনজুর আলম জানান, হাসনাত আবদুল্লাহ আগে থেকে ফোন করে তাঁর বাসায় আসার কথা জানান। পরে দুপুরের খাবার শেষে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক প্রেক্ষাপট, যুদ্ধ ও সামষ্টিক অর্থনৈতিক সংকট নিয়ে সাধারণ আলোচনা হয়। তবে এ সময় কোনো ধরনের রাজনৈতিক প্রস্তাব বা সমঝোতার বিষয় উত্থাপন হয়নি বলে তিনি স্পষ্ট করেন।

তিনি বলেন, ‘সফরের সময় বাসার বাইরে কিছু যুবক জড়ো হয়ে স্লোগান দেয়। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে হাসনাত আবদুল্লাহ বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর তিনি নিজেই বাইরে গিয়ে উপস্থিতদের শান্ত করেন।’

মেয়র নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মনজুর আলম বলেন, এখনো নির্বাচনের তফসিল বা নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তাই এ মুহূর্তে নির্বাচন করার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানোর সুযোগ নেই। তিনি বলেন, ‘মেয়র নির্বাচন ছোট বিষয় নয়। ৪১টি ওয়ার্ড, প্রায় ৭০-৮০ লাখ মানুষ ও বিপুলসংখ্যক ভোটারের দায়িত্ব নিতে হলে প্রস্তুতি প্রয়োজন, যা এখনো নেই।’

২০১৫ সালে নির্বাচন বর্জনের দিন রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, এরপর আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হননি। বর্তমানে তিনি সমাজসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজে ব্যস্ত রয়েছেন।

নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে তিনি জানান, বিএনপিতে তাঁর বিভিন্ন পদ-পদবি ছিল এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদেও দায়িত্ব পালন করেছেন। তবে আওয়ামী লীগের সঙ্গে তাঁর কোনো সাংগঠনিক পদ ছিল না, যদিও তাঁর পরিবারের সদস্যরা ওই দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মনজুর আলম বলেন, ‘মেয়র থাকাকালে তিনি তাঁর আশীর্বাদ পেয়েছেন এবং পরবর্তী সময়ে তাঁর স্মরণে বিভিন্ন দোয়া মাহফিল, খতমে কোরআন, ইফতার আয়োজনসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি তাঁর নামে শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।’

বর্তমান মেয়র সম্পর্কে তিনি বলেন, ‘তিনি ভালো মানুষ এবং দায়িত্ব পালন করছেন। দল চাইলে তাকেই আবার মনোনয়ন দিতে পারে।’ ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সময়ই বলে দেবে সামনে কী হবে।’

ভিডিও