বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু, লক্ষ্যমাত্রা ৭ লাখ শিশু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০১:০৫

সারাদেশের মতো চট্টগ্রামেও হাম- রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ জেলার ১৫টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এবার চট্টগ্রামের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৬৫ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে বিভাগের ১১টি জেলায় ৪৪ লাখ শিশুকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এস এম পাইলট স্কুল প্রাঙ্গণে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা কার্যক্রম উদ্বোধন করেছেন।

এসময় সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ জেলা ও উপজেলা প্রশাসন ও ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চসিক জেনারেল হাসপাতালে চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা আশরাফুল আমিন কার্যক্রম উদ্বোধন করেন।

শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। মাসব্যাপী এ কার্যক্রমে সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ড ও জেলার ৪ শতাধিক কেন্দ্রে টিকা কার্যক্রম চলবে।

বক্তারা বলেন দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হামের টিকাদান শুরু হয়েছে। বর্তমান সরকারের স্বাস্থ্য বান্ধব নীতির কারণে অতি দ্রুত এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,টিকা ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবক প্রস্তুতকরণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও শিক্ষকদের সঙ্গে সমন্বয় সভা, মাইকিং ও গণসচেতনতা কার্যক্রম।

টিকা গ্রহণের জন্য অভিভাবকদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে নিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না। বিশেষ করে, বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে।

পূর্বতারা/ ইউডি

ভিডিও