মিরসরাইয়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় মো. শফিউল আলম (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় খৈইয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার বিকেলে রিংকু, রিফন ও রিজভী নামের তিন ব্যক্তি ফকির আহমদ নামে এক প্রতিবন্ধীকে মেরে রক্তাক্ত করে। ফকির আহমদ সম্পর্কে নিহত শফিউল আলমের ভাতিজা। এ ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন নিয়ে শুক্রবার সালিশ বৈঠকে বসলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে শফিউল আলমের উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় শফিউল আলমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা আক্তার বলেন, নিহতের শরীর বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় কোপের আঘাত পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের ছেলে মো. আরাফাত হোসেন বলেন, এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে রিংকু, রিফন ও রিজভী। প্রতিদিন মাদক সেবন করে এলাকায় নানা অপরাধ করছে। মঙ্গলবার বিকেলে আমার চাচাতো ভাই প্রতিবন্ধী ফকির আহমদকে মেরে রক্তাক্ত করেছে। শুক্রবার অপরাধীদের বিরুদ্ধে সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। সেই বৈঠকে দেশীয় অস্ত্র নিয়ে আমার পিতার উপর অতর্কিত হামলা করে। পরে এলাকার মানুষকে ভয় দেখিয়ে তারা পালিয়ে যায়। আমি পিতার হত্যার বিচার চাই।
পূর্বতারা/ইউডি