রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে উপজেলার বালুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কিল্লা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা হয়।
সদর উপজেলা প্রশাসন জানায়, নৌকাটিতে ১১ জন যাত্রী ছিল। তাঁরা বৈসুক (ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান উৎসব) অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন। তবে যাত্রীদের সবাই একপাশে থাকায় হঠাৎ হেলে নৌকার বিপরীত দিক থেকে পানি উঠতে থাকে। এরপর এটি ডুবে যায়। যে স্থানে ঘটনা ঘটেছে, এটি জেলার জুরাছড়ি জোনের রাজমণিপাড়া সেনা ক্যাম্প থেকে ৩০০ থেকে ৪০০ মিটার দূরে। ক্যাম্পে কর্তব্যরত সদস্য বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তিনি ক্যাম্প কমান্ডারকে জানান। পরে নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যরা নৌকা নিয়ে ঘটনাস্থলে এসে সবাইকে উদ্ধার করেন।
প্রশাসন জানায়, নৌকায় নারী, পুরুষ ও শিশুসহ ১১ জন যাত্রী ছিল। এর মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। পরে তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আর বাকিদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে নিরাপদে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন বলেন, ‘উৎসব থেকে বাড়ি যাওয়া পথে একটি ট্রলার ডুবেছে। পরে তাঁদের সবাইকে উদ্ধার করা হয়েছে।’
বালুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য বিপ্লব ত্রিপুরা বলেন, ‘নৌকাডুবির এ ঘটনায় আহত একজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌকার যাত্রীরা সবাই ত্রিপুরা সম্প্রদায়ের। তাঁরা সবাই উপজেলার কিল্লাপাড়ার বাসিন্দা।’