চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। গ্রামবাংলার চিরায়ত সংস্কৃতির অন্যতম ধারক বৈশাখী মেলা যুগের পর যুগ ধরে বাঙালির আনন্দ-উল্লাস, মিলনমেলা ও সাংস্কৃতিক চেতনার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। একসময় গ্রামের খোলা মাঠে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে শহরের ইট-পাথরের মাঝেও এই উৎসব ছড়িয়ে পড়েছে, যেন নগরের মাঝেই এক টুকরো উৎসবের স্বর্গরাজ্য।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে জুলাই স্মৃতি উদ্যান প্রাঙ্গণে দুই দিনব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখর।
উৎসবের সূচনায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ, পাহাড়ি ও আঞ্চলিক গান-বাজনা এবং নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শনার্থীরা। নানা বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উৎসবকে দেয় ভিন্ন মাত্রা।
বৈশাখী এই আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক ছিল পিটুপি। এছাড়া উৎসব সুপার মার্কেট, সি ও এল এবং ইস্টএন্ড২৪ সহযোগিতা প্রদান করে।