চট্টগ্রাম জেলায় গ্রামের চেয়ে শহরেই হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এমন পরিস্থিতিতে শহুরে আবহাওয়ায় বেড়ে ওঠা শিশুর অভিভাবকদের মধ্যে উদ্বেগ,শঙ্কা বাড়ছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, নতুন করে আরও ৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরেই হাম আক্রান্ত ৬ শিশু। অপর ২ শিশু উপজেলায়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট আক্রান্ত ৩৪ জনের মধ্যে নগরের রয়েছে ২৪ জন। বাকি ১০ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে মহানগর এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আক্রান্ত ও সন্দেহভাজনদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সন্দেহভাজন রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে এবং কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে নগরীর বিভিন্ন হাসপাতালে মোট ৮৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় উপসর্গ থেকে সুস্থ হয়ে ২১ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ ছাড়া নতুন করে ৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম থেকে মোট ৩০৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো।
হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুটির বাড়ি কক্সবাজার জেলা।
পূর্বতারা/ইউডি