কর্ণফুলীতে নিষিদ্ধ যুবলীগের উপজেলা সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাজিম উদ্দীন হায়দার, নিষিদ্ধ যুবলীগের কর্ণফুলী উপজেলা সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
স্থানীয়রা জানান, পুলিশ উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দীন পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন।তবে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।