চট্টগ্রামের মিরসরাইয়ে ছাদের রড পেটে ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাশরুর ওয়াসিফ রায়ান উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসা সংলগ্ন হাজী বদরুল আলমের বাড়ির বাসিন্দা মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে ওই মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল রায়ান। এক পর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং সে ছাদের কলামের খোলা রডের ওপর পড়ে যায়। এতে তার পেটে রড ঢুকে গুরুতর আহত হয়।
পরে গুরুত আহতাবস্থায় তাকে মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল এবং পরিবারের ভাষ্য অনুযায়ী রডটি শরীর ভেদ করে ঢুকে যায়। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত রেফার করা হয়।
পরে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাফায়েত বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’