চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের গুরুত্বপূর্ণ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) অ্যামোনিয়া সংকটে বন্ধ হওয়ার পথে রয়েছে। ইতোমধ্যে গ্যাস সংকটের কারণে একই এলাকায় অবস্থিত দুই বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বন্ধ হয়ে আছে।
ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে সিইউএফএল ও কাফকো চালু হয়ে অ্যামোনিয়া সরবরাহ না করলে কারখানাটির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। বর্তমানে জমা থাকা অ্যামোনিয়া ব্যবহার করেই উৎপাদন চালানো হচ্ছে। যা শেষ হলেই কার্যক্রম থেমে যাবে।
জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর নিয়ন্ত্রণে পরিচালিত ডিএপিএফসিএল দেশের কৃষিখাতে সুষম সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত এই কারখানায় দৈনিক প্রায় ৮০০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট রয়েছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিইউএফএল ও কাফকো থেকে অ্যামোনিয়া সরবরাহের মাধ্যমে ডিএপিএফসিএল ইউরিয়া উৎপাদন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে ওই দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ডিএপিএফসিএলের উৎপাদনে।
এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, কারখানাটি তুলনামূলক কম গ্যাস ব্যবহার করলেও ইউরিয়া উৎপাদনের জন্য অ্যামোনিয়া অত্যাবশ্যক। সরবরাহ বন্ধ থাকায় আগামী সপ্তাহ থেকে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, কারখানার বেশ কিছু যন্ত্রপাতি ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ এবং জনবল সংকটও রয়েছে। এসব কারণে দীর্ঘমেয়াদে উৎপাদন সক্ষমতা কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।