বান্দরবানের লামা উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। স্মার্ট ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করা হয় সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অমর কৃষ্ণ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছাদুজ্জামান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এই আয়োজনটি দুই দিনব্যাপী চলবে এবং আগামী মঙ্গলবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, স্মার্ট ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। এ ধরনের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটায় এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তোলে। তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।