বুধবার, ১৭ জুন ২০২৬

হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ, চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ১০:৩৭

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন তারেক রহমান। আগামী ২৫ এপ্রিল (শনিবার) চট্টগ্রামের ফটিকছড়িতে যাবেন তিনি।

সফরকালে ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী।

তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মোবাইলফোনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফোন করে সফরের তথ্য নিশ্চিত করেছেন।

ফোনালাপে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ এপ্রিল ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় এসে আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরের সংবাদে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা।

সচেতন মহল মনে করেন, ফটিকছড়ি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। প্রধানমন্ত্রীর এই সফর শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়, এটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। বিশেষ করে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সাথে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

জানা যায়, নির্বাচনে জয় লাভের পর হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

পূর্বতারা/ ইউডি / জুনায়েদ

ভিডিও