রাঙামাটির কাপ্তাই হ্রদে জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে আবারও যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন উপজেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে জেলার লংগদু, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলার নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ করে দেন চালকরা। এর আগে ১৫ মার্চও একই কারণে একদিন স্পিডবোট চলাচল বন্ধ ছিল।
চালকরা জানান, পাম্প থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় তারা বাধ্য হয়ে বোট চালানো বন্ধ রেখেছেন। একটি স্পিডবোটের জন্য প্রয়োজনীয় তেলের তুলনায় অনেক কম সরবরাহ পাওয়ায় চলাচল চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয় যাত্রীরা বলেন, কাপ্তাই হ্রদের নৌপথে স্পিডবোটই দ্রুত যাতায়াতের প্রধান মাধ্যম। বিশেষ করে জরুরি চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে এ পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলনে, জ্বালানি সংকট সমাধানের চেষ্টা চলছে। তেলের অভাবে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে ১৫ মার্চ জ্বালানি তেল সংকটের কারণে একদিন কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। পরদিন প্রশাসনের সহায়তায় সচল করা হলেও ১৫ দিন পর আবার একই কারণে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন চালকরা।