শুক্রবার, ১৯ জুন ২০২৬

অর্থোপেডিক রোগীদের জন্য চমেকে নতুন ইউনিট চালু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০১:০৫

সড়ক দুর্ঘটনায় আহত বা অর্থোপেডিক রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নতুন একটি ইউনিট চালু করা হয়েছে। চমেক হাসপাতালের ২৬ নং ওয়ার্ডের অধীনে ‘পেইন ম্যানেজমেন্ট হাসপাতাল’ নামে এই বিশেষ ইউনিট চালু করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এটি উদ্বোধন করেছেন।

উদ্বোধন শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, চট্টগ্রামে অর্থোপেডিকস রোগীরা আজ থেকে নতুন একটি সুবিধা ভোগ করতে পারবে। আগে সড়ক দুর্ঘটনা বা অর্থোপেডিকস সংক্রান্ত রোগীরা চমেকে আসলে জরুরি সেবা থেকে বঞ্চিত হত। এর কারণ হচ্ছে, অর্থোপেডিক ওয়ার্ডে আগে ভর্তি চিকিৎসাধীন রোগীদের জন্য নতুন আসা জরুরি রোগীরা সময়মতো চিকিৎসা পেতো না। এতে করে সড়ক দুর্ঘটনা বা অর্থোপেডিক রোগীদের দেরিতে চিকিৎসা শুরুর কারণে তাদের হাত,পা বা আক্রান্ত অঙ্গ কেটে ফেলতে হতো। যার মাশুল দিতে হতো রোগী বা তার স্বজন পরিবারকে। তবে এখন থেকে আর এ কষ্ট ভোগ করতে হবে না। নতুন ইমারজেন্সি অপারেশন থিয়েটার চালু হওয়ায় এখন থেকে এক্সিডেন্টাল রোগীরা হাসপাতালে আসা মাত্রই প্রয়োজনীয় চিকিৎসা পাবেন। এর মাধ্যমে আমরা কিছুটা দায়মুক্তি দিতে পেরেছি।

পরবর্তীতে মেয়র হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ‘হাম কর্ণার’ (মিজেলস ব্লক) পরিদর্শনে যান।

এসময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন চৌধুরী, অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক ডা. কাউসারুল মতিন, এনেসথেসিয়া বিভাগের চিকিৎসক ডা. মো. হারুণ, ডা. ডালিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও