বুধবার, ১৭ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ, এভারকেয়ারে ভর্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:২০

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন বিএনপি সভাপতির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুলিবিদ্ধ ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে পরবর্তীতে তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তার মায়ের চিকিৎসা স্থানীয়ভাবে চলছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি।

তার বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র ব্যক্তি ঘরে প্রবেশ করে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমের দুই পায়েও গুলি লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ জানান, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ভিডিও