ভোটের কালি শুকানোর আগেই তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সাংসদ জয়নাল আবেদীন ফারুক।
তিনি বলেন, ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু, খাল খনন কর্মসূচির সূচনা এবং আগামী মাসে কৃষি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। ভোরের সূর্য উঠলেই যেমন দিনের আভাস পাওয়া যায়, তেমনি শুরুতেই এই উদ্যোগগুলো ভবিষ্যতের উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে।
মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রামের আগ্রাবাদে একটি হোটেলে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
জয়নাল আবেদীন ফারুক বলেন, তার নেতা তারেক রহমান যা নির্দেশনা দেবেন, তা জনগণের কল্যাণে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন।
একইসঙ্গে ওয়ান-ইলেভেন সরকারের সময় তারেক রহমানের ওপর নির্যাতনের বিষয়টি উল্লেখ করে তার সুস্থতা ও মঙ্গল কামনায় পবিত্র রমজান মাসে সবার কাছে দোয়া কামনা করেন।
এতে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণরা নিজেদের জীবন উৎসর্গ করে আন্দোলনে অংশ নিয়েছিল।
তারা দাবি করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত ও স্বাধীনতার বিরোধিতাকারী গোষ্ঠী এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
দলের শৃঙ্খলা প্রসঙ্গে বক্তারা বলেন, যারা দলের নির্দেশনা মানেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যারা নিবেদিতপ্রাণ তাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে।
দেশের মানুষকে শান্তিতে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা আরও বলেন, এবারের লড়াই দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লড়াই।