বুধবার, ১৭ জুন ২০২৬

পাহাড়তলীতে রেলের সিসিএস অফিসে আগুন, তদন্তে কমিটি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:২২

চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে (সিসিএস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে পাহাড়তলী সিসিএস দপ্তরের পি-টু শাখায় আগুন লাগার ঘটনা ঘটে। 

এ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে রেলওয়ের বিভিন্ন কেনাকাটাসহ নানা ধরনের কাজ করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গতকাল রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পায় তারা। এরপর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় দিবাগত রাত পৌনে একটায়। তবে আগুনের কারণ চিহ্নিত করা যায়নি। আগুনে ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ইউনিটের দায়িত্বে থাকা ইনচার্জ খলিলুর রহমান বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট বা অন্য কোন উৎস থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন বলেন, যেখানে আগুন লেগেছে, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। সংস্কার কাজের জন্য সেখান থেকে প্রয়োজনীয় ও জরুরি কাগজপত্র ও নথিপত্র আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানতে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

ভিডিও