বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রাম কারাগারে ইন্টারকম ফোন চালু

কথা নয় জনসম্মুখে, কথা হবে একান্তে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ০৫:৫১

লোহার খাঁচার ওপারে দাঁড়িয়ে হৈ হুল্লোড়ে চিৎকার করে স্বজনের সাথে কথা বলার দিন শেষ। কারাবন্দি ও তাদের স্বজনেরা কথা বলবে এবার একান্তে। চট্টগ্রাম কারাগারে চালু করা হয়েছে ওয়ান-টু-ওয়ান ইন্টারকম টেলিফোন সেবা। এই ইন্টারকম সেবার নাম রাখা হয়েছে ‘স্বজন’।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ‘স্বজন’ ইন্টারকম সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, বর্তমানে চট্টগ্রাম কারাগারে প্রতিদিন গড়ে ৬ হাজারের বেশি বন্দী থাকেন। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দী থাকায় বন্দি আর স্বজনদের নিরিবিলি যোগাযোগ কঠিন ব্যাপার। সাক্ষাৎ কক্ষে অনেক মানুষ একসাথে কথা বলায় কেউ কারও কথা স্পষ্ট শুনতে পান না, যা মানবিক দিক থেকে কষ্টকর। এ পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিকভাবে ৩২টি ইন্টারকম সেট বসানো হচ্ছে। এতে একসঙ্গে ১৬ জন বন্দী কথা বলতে পারবেন। এর মধ্যে পুরুষ বন্দীদের জন্য ১২টি এবং নারী বন্দীদের জন্য ৪টি বুথ রাখা হয়েছে।

প্রসঙ্গত, প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে বেসরকারি কারা পরিদর্শক ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনও উপস্থিত ছিলেন।  

ভিডিও