পবিত্র ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়িমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হওয়া এই টিকিট বিক্রি চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।
তবে যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাবে না।
চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো: আবু জাফর মজুমদার বলেন, নতুন সরকারের যাত্রায় এবার সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা হবে। অনলাইন টিকিট প্রাপ্তিতে জটিলতা নিরসন ও সার্ভারে চাপ কমাতে এবার পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট বেলা ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদ শেষে কর্মস্থলে ফেরার বা ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে আগামী ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। আজ ৩ মার্চ প্রথম দিন পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট। ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট। এছাড়াও, ১৫ মার্চের ট্রেনের টিকিট মিলবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের আগাম টিকিট বিক্রি হবে আগামী ৯ মার্চ।
ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্রেনগুলো চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগর ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।