সোমবার, ১৫ জুন ২০২৬

কক্সবাজারে গ্যাস পাম্পে দগ্ধ একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ০৯:২৪

কক্সবাজারের কলাতলীতে গ্যাস পাম্প বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বেলা ২টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানিয়েছেন বড় ছেলে মো. সোহেল। তিনি বলেন, বাবার মরদেহ নিয়ে তারা কক্সবাজারের পথে রওনা হয়েছেন।

বুধবার রাত ১০টার কিছু পর কক্সবাজার শহরের কলাতলীতে এন আলমের মালিকানাধীন এলপিজি স্টেশনে লিকেজ হওয়া গ্যাসে আগুন ধরে আবু তাহেরসহ অন্তত দশ জন দগ্ধ হন।

তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই আবু তাহেরসহ ছয়জনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার ওই ছয়জনের মধ্যে তাহেরসহ তিনজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে শুক্রবার তাকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের রেজিস্ট্রার ডা. আশফাকুল আসিফ জানান, আবু তাহেরের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস ‘লোড-আনলোড’ প্রক্রিয়ায় ত্রুটির কারণে লিকেজ তৈরি হয়ে এ দুর্ঘটনা ঘটে।

ভিডিও