বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমকে ধারণ করেই রাজনৈতিক পথচলা এগিয়ে নিতে চান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, ‘আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি প্রতিষ্ঠান গড়েছেন, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে একথা বলেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের রাউজানের গহিরায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা অংশ নেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে সাঈদ আল নোমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর বাবার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, ‘মরহুম আব্দুল্লাহ আল নোমান ছিলেন অত্যন্ত বিনয়ী ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। কর্মীদের কাছে তিনি ছিলেন বিপদের বন্ধু, আর চট্টগ্রামের মানুষের কাছে ছিলেন সর্বজনীন নেতা।’